টুপির শারঈ রূপরেখা: হাদীস, উম্মাহর অবিচ্ছিন্ন কর্মপ্রবাহ ও ফিকহি সিদ্ধান্তের আলোকে এক প্রামাণ্য পর্যালোচনা
ইসলাম নিছক কিছু আনুষ্ঠানিক আচার-অনুষ্ঠানের নাম নয়; বরং এটি আক্বীদা, ইবাদাত, মুআমালাত, মুআশারাত এবং লেবাস-পোশাকের এক অনবদ্য পূর্ণাঙ্গ জীবনাদর্শ। মুসলিম পুরুষের হাজার বছরের জীবনাচারে যে অনুষঙ্গটি ইসলামী তাহযীব, তাক্বওয়া ও ব্যক্তিত্বের প্রতীক হয়ে মিশে আছে, তা হলো মস্তকাবরণী—‘টুপি’ (الْقَلَنْسُوَةُ — কালানসুওয়াহ)। মসজিদ থেকে দরবার, ইলমের মজলিস থেকে সমরক্ষেত্র—সর্বত্রই টুপি মুসলিম উম্মাহর বিনম্র দাসত্ব, স্বকীয়তা ও আভিজাত্যের স্মারক।
কিন্তু বর্তমানের এই বৈষয়িক ও আত্মপ্রবঞ্চনামূলক যুগে উম্মাহর বহু প্রতিষ্ঠিত সুন্নাহ অযাচিত প্রশ্নের সম্মুখীন হচ্ছে।
একদল মানুষ দু-চারটি চটি বই বা সীমিত কিতাবের পাতা উল্টেই কোনো গভীর তাহকিক ছাড়াই বলে বসেন—“হাদীসের ভাণ্ডারে নাকি টুপির কোনো প্রমাণই নেই!”
আবার প্রবাসফেরত কেউ কেউ আরব অঞ্চলের সমকালীন কিছু শিথিলতাকে মাপকাঠি বানিয়ে প্রচার করেন—“টুপি নিছক আরবদের ভৌগোলিক কালচার, দ্বীনের সাথে এর কোনো আত্মিক সম্পর্ক নেই।”
এমনকি একশ্রেণির মানুষ স্বেচ্ছায় খালি মাথায় নামাজ পড়াকে আধুনিকতা ও ফ্যাশন হিসেবে গ্রহণ করছেন।
অথচ উলূমুল হাদীস ও উসূলে ফিকহের শাশ্বত কানুন হলো—যে সুন্নাহ উম্মাহর বক্ষে ‘আমলে মুতাওয়ারাছ’ (عَمَلٌ مُتَوَارَثٌ — যুগ পরম্পরায় অবিচ্ছিন্ন কর্মপ্রবাহ) হিসেবে স্থানান্তরিত হয়েছে, তার জন্য প্রতিটি মুহূর্তে পুঙ্খানুপুঙ্খ সনদ খোঁজার আবশ্যকতা থাকে না; বরং উম্মাহর সম্মিলিত আমলই তার অকাট্যতার সর্বশ্রেষ্ঠ সনদ। আর যদি সনদের নিরিখে দালিলিক প্রমাণের কথাই বলা হয়, তবে কুরআন, মারফূ‘ হাদীস, সাহাবায়ে কিরামের আছার এবং তাবেঈন ও চার মাযহাবের আইম্মায়ে মুজতাহিদীনের জীবনচরিতে টুপির প্রমাণ মধ্যাহ্ন সূর্যের মতো দেদীপ্যমান।
(কুরআনিক নির্দেশনা ও মারফূ‘ হাদীসের আয়নায় নববী সুন্নাহ ]
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের জন্য বিশেষ পরিচ্ছন্নতা ও পূর্ণাঙ্গ সৌন্দর্য অবলম্বনের নির্দেশ দিয়ে ইরশাদ করেন:
﴿يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ﴾ (সূরা আল-আ‘রাফ: ৩১) অর্থ: “হে বনি আদম! তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের সৌন্দর্য (উত্তম, মার্জিত ও পূর্ণাঙ্গ পোশাক) গ্রহণ করো।”
মুফাসসিরিনে কিরাম স্পষ্ট করেছেন যে, ‘যীনাত’ (সৌন্দর্য) বলতে কেবল সতর ঢাকা নয়; বরং সমাজের চোখে মার্জিত ও ব্যক্তিত্বপূর্ণ পোশাক পরিধান করাও এর অন্তর্ভুক্ত। আর মুসলিম সভ্যতায় মাথা আবৃত রাখা সর্বদা সম্মান, আদব ও পূর্ণাঙ্গ পোশাকের প্রতীক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থায়ী সুন্নাহ ছিল টুপি ও পাগড়ির সমন্বয়ে মাথা আবৃত রাখা। তিনি ইহরামের অবস্থা ছাড়া কখনোই স্বাভাবিক অবস্থায় খালি মাথায় জনসম্মুখে বের হতেন না।
১. নববী দস্তরখানে সাহাবীর প্রত্যক্ষ সাক্ষ্য
ইমাম ইবনুস সাকান তাঁর ‘কিতাবুস্ সাহাবা’-তে এবং হাফিজ ইবনে হাজার আল-আসকালানী ‘আল-ইসাবাহ ফী তাময়ীযিস সাহাবাহ’ (৪/৩৩৯)-তে সনদসহ বর্ণনা করেন:
عَنْ رَجُلٍ مِنَ الصَّحَابَةِ قَالَ: «أَكَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَأَيْتُ عَلَيْهِ قَلَنْسُوَةً بَيْضَاءَ» অর্থ: “জনৈক সাহাবী [সাহাবী ফারক্বাদ রাদ্বিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি বলেন: ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাঁর দস্তরখানে বসে আহার করেছি এবং তাঁর মস্তক মুবারকে একটি সাদা টুপি দেখেছি’।”
ইমাম বুখারী ‘আত-তারীখুল কাবীর’ (৭/১৩১) এবং ইমাম আবু হাতেম ‘আল-জারহু ওয়াত তা‘দীল’ (৭/৮১)-এ সাব্যস্ত করেছেন যে, উক্ত সাহাবীর নাম ছিল হযরত ফারক্বাদ (রা.)। হাফিজ ইবনে হাজার আসকালানী (রহ.) এই বর্ণনার মাধ্যমে প্রমাণ করেছেন যে, এই রেওয়ায়েতটি সর্বজনগ্রাহ্য ও সহীহ।
২. সফর ও আবাসে টুপির শৈল্পিক রূপ
উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীক্বা রাদ্বিয়াল্লাহু আনহা হতে বর্ণিত:
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبَسُ مِنَ الْقَلَانِسِ فِي السَّفَرِ ذَوَاتِ الْآذَانِ، وَفِي الْحَضَرِ الْمُشَمَّرَةَ يَعْنِي الشَّامِيَّةَ» (আল-জামে‘ লি-আখলাক্বির রাবী ওয়া আদাবিস সামে‘: পৃ. ২০২) অর্থ: “নিশ্চয়ই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় কানবিশিষ্ট টুপি (যা কান ঢেকে রাখে) এবং আবাসস্থলে শামদেশীয় হালকা টুপি পরিধান করতেন।”
এই হাদীসের রাবীগণ সকলেই নির্ভরযোগ্য ও ‘সিক্বাহ’। মুহাদ্দিসগণের তাহকিক অনুযায়ী এর সনদ সম্পূর্ণ ত্রুটিমুক্ত।
৩. মুসলিম ও মুশরিকদের পোশাকে স্বাতন্ত্র্য
হযরত রুকানা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি:
«فَرْقُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلَانِسِ» (জামে‘ আত-তিরমিযী, হাদীস: ১৭৮৪; সুনানু আবী দাঊদ, হাদীস: ৪০৭৮) অর্থ: “আমাদের এবং মুশরিকদের পোশাকের মাঝে মৌলিক পার্থক্য হলো টুপির ওপর পাগড়ি পরিধান করা।”
উক্ত হাদীস প্রমাণ করে যে, স্বয়ং রাসূলুল্লাহ ﷺ টুপির ব্যবহারকে মুসলিম পরিচয়ের স্বাতন্ত্র্য ও দ্বীনি প্রতীকরূপে নির্ধারণ করেছেন।
৪. স্বাভাবিক পোশাকের অংশ হিসেবে টুপির অপরিহার্যতা
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদ্বিয়াল্লাহু আনহুমা অসুস্থ সাহাবী সা‘দ ইবনে উবাদাহ (রা.)-কে দেখতে যাওয়ার ক্ষণটির বিবরণ দিতে গিয়ে বলেন:
«فَقُمْنَا مَعَهُ وَنَحْنُ بِضْعَةَ عَشَرَ، مَا عَلَيْنَا نِعَالٌ وَلَا خِفَافٌ، وَلَا قَلَانِسُ وَلَا قُمُصٌ...» (সহীহ মুসলিম, হাদীস: ৯২৫) অর্থ: “আমরা দশজনেরও বেশি লোক নবীজির সাথে উঠে দাঁড়ালাম। তখন আমাদের পায়ে না ছিল কোনো জুতো বা মোজা, আর না ছিল আমাদের গায়ে কোনো জামা কিংবা মাথায় টুপি...”
উসূলি প্রজ্ঞা: কোনো বর্ণনায় যখন অভাব ও চরম তাড়াহুড়োর বিবরণ দিতে গিয়ে বলা হয় ‘আমাদের পায়ে জুতো ছিল না, গায়ে জামা ছিল না, মাথায় টুপি ছিল না’—তা অকাট্যভাবে প্রমাণ করে যে তৎকালীন সমাজে জুতো ও জামার মতোই টুপি পরিধান করা ছিল একটি স্বাভাবিক ও অবিচ্ছেদ্য প্রথা।
৫. মস্তক মুবারক হতে টুপি পড়ে যাওয়ার বিবরণ
আমীরুল মুমিনীন হযরত উমর ইবনুল খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু শহীদদের মর্যাদা সংক্রান্ত হাদীসে উল্লেখ করেন:
«...وَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ حَتَّى وَقَعَتْ قَلَنْسُوَتُهُ أَوْ قَلَنْسُوَةُ عُمَرَ» (মুসনাদে আহমাদ, হাদীস: ১৪৬; জামে‘ আত-তিরমিযী, হাদীস: ১৬৪৪ — ইমাম তিরমিযী একে ‘হাসান’ বলেছেন) অর্থ: “...এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মস্তক মুবারক এতটুকু ওপরে তুললেন যে, তাঁর টুপি পড়ে গেল অথবা বর্ণনাকারী বলেন উমরের টুপি পড়ে গেল।”
৬. ইহরাম অবস্থায় টুপি নিষিদ্ধ হওয়ার নিগূঢ় রহস্য
হযরত ইবনে উমর (রা.) হতে বর্ণিত, ইহরামকারীর পোশাক সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেন:
«لَا يَلْبَسُ الْقُمُصَ، وَلَا الْعَمَائِمَ، وَلَا السَّرَاوِيلَاتِ، وَلَا الْبَرَانِسَ، وَلَا الْخِفَافَ...» (সহীহুল বুখারী, হাদীস: ১৩৪; সহীহ মুসলিম, হাদীস: ১১৭৭) অর্থ: “তোমরা (ইহরাম অবস্থায়) জামা, পাগড়ি, পায়জামা, বুরনুস (মাথা ঢাকা টুপিযুক্ত পোশাক) এবং চামড়ার মোজা পরবে না...”
ইমাম বুখারী ও আল্লামা আবু বকর ইবনুল আরাবী (রহ.) উল্লেখ করেন, ইহরাম অবস্থায় কোনো কিছু নিষিদ্ধ করার অর্থই হলো—সাধারণ অবস্থায় তা ছিল নিয়মিত ও প্রতিষ্ঠিত সুন্নাহ।
আল্লামা ইবনুল ক্বাইয়্যিম আল-জাওযিয়্যাহ (রহ.) তাঁর ‘যাদুল মা‘আদ’ (১/১৩৫) গ্রন্থে নবীজির লেবাসের বিবরণ দিয়ে লেখেন:
«كَانَتْ لَهُ عِمَامَةٌ تُسَمَّى السَّحَابَ كَسَاهَا عَلِيًّا، وَكَانَ يَلْبَسُهَا وَيَلْبَسُ تَحْتَهَا الْقَلَنْسُوَةَ، وَكَانَ يَلْبَسُ الْقَلَنْسُوَةَ بِغَيْرِ عِمَامَةٍ، وَيَلْبَسُ الْعِمَامَةَ بِغَيْرِ قَلَنْسُوَةٍ» অর্থ: “নবীজি ﷺ-এর একটি বিশেষ পাগড়ি ছিল যার নাম ‘আস-সাহাব’। তিনি পাগড়ি পরতেন এবং তার নিচে টুপি পরতেন। কখনো তিনি পাগড়ি ছাড়া কেবল টুপি পরতেন, আবার কখনো টুপি ছাড়াও পাগড়ি বাঁধতেন।”
[ দ্বিতীয় অধ্যায় : সাহাবায়ে কিরামের আছার ও ঐতিহাসিক উমরীয় চুক্তি ]
নবীজির সুন্নাহর বাস্তব প্রতিচ্ছবি ছিলেন সাহাবায়ে কিরাম। তাঁদের ইবাদত, সাধারণ জীবন থেকে সমরক্ষেত্র—সবখানেই টুপি ছিল অবিচ্ছেদ্য:
১. তীব্র গরমে টুপির ওপর সিজদা
ইমামুল হাসান আল-বসরী (রহ.) সাহাবিদের নামাজের চিত্র এঁকে বলেন:
«وَكَانَ الْقَوْمُ يَسْجُدُونَ عَلَى الْعِمَامَةِ وَالْقَلَنْسُوَةِ وَيَدَاهُ فِي كُمِّهِ» (সহীহুল বুখারী, কিতাবুস্ সালাত) অর্থ: “সাহাবায়ে কিরাম (তীব্র গরমে) পাগড়ি ও টুপির ওপর সিজদা করতেন এবং তাঁদের হাত আস্তিনের ভেতরে থাকত।”
২. প্রথম সারির মুহাজির সাহাবিদের পরিচ্ছদ
সুলাইমান ইবনে আবি আবদিল্লাহ বলেন:
«أَدْرَكْتُ الْمُهَاجِرِينَ الْأَوَّلِينَ يَعْتَمُّونَ بِعَمَائِمَ كَرَابِيسَ سُودٍ وَبِيضٍ وَحُمْرٍ وَخُضْرٍ وَصُفْرٍ، يَضَعُ أَحَدُهُمُ الْعِمَامَةَ عَلَى رَأْسِهِ وَيَضَعُ الْقَلَنْسُوَةَ فَوْقَهَا، ثُمَّ يُدِيرُ الْعِمَامَةَ هَكَذَا عَلَى كَوْرِهِ لَا يُخْرِجُهَا مِنْ ذَقَنِهِ» (মুসান্নাফু ইবনি আবী শাইবাহ: ১২/৫৪৫, হাদীস: ২৫৩৫৫) অর্থ: “আমি প্রথম সারির মুহাজির সাহাবিদের দেখেছি, তাঁরা বিভিন্ন রঙের সুতি কাপড়ের পাগড়ি পরতেন। তাঁরা মাথার ওপর টুপি রেখে তার ওপর পাগড়ি পেঁচিয়ে পরিধান করতেন।”
৩. ব্যক্তি সাহাবিদের আছার:
হযরত ওয়াবেছা ইবনে মা‘বাদ (রা.):«...فَإِذَا عَلَيْهِ قَلَنْسُوَةٌ لَاطِئَةٌ ذَاتُ أُذُنَيْنِ» (সুনানু আবী দাঊদ, হাদীস: ৯৪৯) — তাঁর মাথায় দুই কানবিশিষ্ট লেপ্টে থাকা টুপি শোভা পেত।
হযরত আব্দুল্লাহ ইবনুল যুবায়ের (রা.):«رَأَيْتُ عَلَى ابْنِ الزُّبَيْرِ قَلَنْسُوَةً» (মুসান্নাফু ইবনি আবী শাইবাহ: ২৫৩৫৩) — হিশাম বলেন: আমি ইবনুল যুবায়েরের মাথায় টুপি দেখেছি।
হযরত আবু মূসা আল-আশ‘আরী (রা.):«أَنَّ أَبَا مُوسَى خَرَجَ مِنَ الْخَلَاءِ وَعَلَيْهِ قَلَنْسُوَةٌ» (মুসান্নাফু ইবনি আবী শাইবাহ: ১০/৫১০) — তিনি শৌচাগার থেকে বের হওয়ার সময়ও তাঁর মাথায় টুপি থাকত।
হযরত আনাস ইবনে মালিক (রা.):«رَأَيْتُ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ قَلَنْسُوَةً بَيْضَاءَ» (ত্বাবাক্বাতু ইবনি সা‘দ: ৫/১২১) এবং সাঈদ ইবনে আব্দুল্লাহ বলেন: «رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَتَى الْخَلَاءَ، ثُمَّ خَرَجَ وَعَلَيْهِ قَلَنْسُوَةٌ بَيْضَاءُ مُزَرَّرَةٌ» (মুসান্নাফু ‘আবদির রাযযাক্ব: ১/১৯০) — তাঁর মাথায় বোতামবিশিষ্ট শুভ্র টুপি শোভা পেত।
আমীরুল মুমিনীন হযরত আলী (রা.):«كَانَتْ قَلَنْسُوَةُ عَلِيٍّ لَطِيفَةً» এবং «رَأَيْتُ عَلَى عَلِيٍّ قَلَنْسُوَةً بَيْضَاءَ مِصْرِيَّةً» (ত্বাবাক্বাতু ইবনি সা‘দ: ৩/২৩) — তাঁর টুপি ছিল পাতলা এবং সাদা মিসরী কাপড়ের।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.):«أَنَّهُ كَانَ إِذَا تَوَضَّأَ رَفَعَ الْقَلَنْسُوَةَ عَنْ رَأْسِهِ وَمَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ» (সুনানুদ দারাকুত্বনী, হাদীস: ৫৫; সুনানুল কুবরা লিল-বায়হাক্বী, হাদীস: ২৮৮) — তিনি ওযুর সময় টুপি কিছুটা উঠিয়ে নিয়ে মাথার অগ্রভাগ মাসাহ করতেন।
হযরত খালিদ ইবনুল ওয়ালীদ (রা.) ও বরকতময় টুপি:«أَنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ فَقَدَ قَلَنْسُوَةً لَهُ يَوْمَ الْيَرْمُوكِ... فَقَالَ خَالِدٌ: اعْتَمَرَ رَسُولُ اللَّهِ ﷺ فَحَلَقَ رَأْسَهُ... فَسَبَقْتُ إِلَى نَاصِيَتِهِ فَجَعَلْتُهَا فِي هَذِهِ الْقَلَنْسُوَةِ، فَلَمْ أَشْهَدْ قِتَالًا وَهِيَ مَعِي إِلَّا رُزِقْتُ النَّصْرَ» (দালাইলুন নুবুওয়াহ লিল-বায়হাক্বী: ৬/২৪৯) — ইয়ারমুকের রণক্ষেত্রে তাঁর একটি পুরনো টুপি হারিয়ে গেলে তিনি তা হন্যে হয়ে খোঁজেন; কারণ তাতে প্রিয়নবী ﷺ-এর মুবারক কেশ সংরক্ষিত ছিল এবং সেই টুপির অসিলাতেই তিনি সমরে আল্লাহর মদদ পেতেন।
৪. নাজরানের নাসারাদের সাথে উমরীয় চুক্তি: রাষ্ট্রীয় দলিলে মুসলিম স্বাতন্ত্র্য
খলীফাতুল মুসলিমীন হযরত উমর (রা.)-এর খেলাফতকালে নাজরানের খ্রিস্টানদের সাথে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তিতে উল্লেখ ছিল:
«...وَشَرَطْنَا لَكُمْ عَلَى أَنْفُسِنَا أَنْ لَا نُحْدِثَ فِي مَدِينَتِنَا وَلَا فِيمَا حَوْلَهَا دَيْرًا وَلَا كَنِيسَةً... وَلَا نَتَشَبَّهَ بِهِمْ (أَيِ الْمُسْلِمِينَ) فِي شَيْءٍ مِنْ لِبَاسِهِمْ مِنْ قَلَنْسُوَةٍ وَلَا عِمَامَةٍ» (আস-সুনানুল কুবরা লিল-বায়হাক্বী, হাদীস: ১৯১৮৬; আহকামু আহলিয যিম্মাহ: পৃ. ৪৫৪) অর্থ: “...এবং আমরা শর্ত দিচ্ছি যে, আমরা মুসলমানদের কোনো পোশাকে—না টুপিতে, আর না পাগড়িতে—তাদের কোনো প্রকার সাদৃশ্য অবলম্বন করব না।”
আল্লামা ইবনুল ক্বাইয়্যিম (রহ.) উল্লেখ করেছেন, এই শর্তাবলি এতই প্রসিদ্ধ যে এর সনদের পর্যালোচনার প্রয়োজন পড়ে না। শত শত সাহাবীর উপস্থিতিতে একটি আন্তর্জাতিক চুক্তিতে টুপিকে ‘মুসলমানদের স্বকীয় প্রতীক’ সাব্যস্ত করাই এর সুন্নাতি মর্যাদার সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক প্রমাণ।
[ তৃতীয় অধ্যায় : তাবেঈন ও চার মাযহাবের আইম্মায়ে মুজতাহিদীনের আমল ]
সাহাবায়ে কিরামের পর তাবেঈন ও ফিকহের মুজতাহিদ ইমামদের জীবনেও এই আমল অবিচ্ছিন্ন ছিল:
ইমাম আলী ইবনে হুসাইন [যয়নুল আবেদীন] (রহ.): আহলে বাইতের এই মহান ইমামের মাথায় থাকত সাদা পরিপাটি টুপি:«رَأَيْتُ عَلَى عَلِيِّ بْنِ الْحُسَيْنِ قَلَنْسُوَةً بَيْضَاءَ لَاطِئَةً» (ত্বাবাক্বাত: ৩/২৪৩)
ইমাম সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর (রহ.):«رَأَيْتُ عَلَى سَالِمٍ قَلَنْسُوَةً بَيْضَاءَ» (ত্বাবাক্বাত: ৫/১৯৭) — তিনি সাদা টুপি পরিধান করতেন।
ইমাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব (রহ.):«رَأَيْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ يَعْتَمُّ وَعَلَيْهِ قَلَنْسُوَةٌ لَطِيفَةٌ بِعِمَامَةٍ بَيْضَاءَ» (ত্বাবাক্বাত: ৫/১৩৮) — তিনি পাতলা টুপির ওপর শুভ্র পাগড়ি বাঁধতেন।
ইমাম আবু ইসহাক আস-সাবীঈ (রহ.):«رَأَيْتُ أَبَا إِسْحَاقَ السَّبِيعِيَّ وَهُوَ يُصَلِّي بِنَا، يَأْخُذُ قَلَنْسُوَتَهُ مِنَ الْأَرْضِ فَيَلْبَسُهَا أَوْ يَأْخُذُهَا عَنْ رَأْسِهِ فَيَضَعُهَا» (ত্বাবাক্বাত: ৬/৩১৪) — সালাতরত অবস্থায় টুপি পড়ে গেলে তিনি তা তুলে মাথায় পরতেন।
ইমাম সাঈদ ইবনে জুবাইর (রহ.): যালেম হাজ্জাজের হাতে যখন তিনি শাহাদাতবরণ করেন, তখনো তাঁর বিচ্ছিন্ন মস্তকে একটি শুভ্র টুপি মিলিত অবস্থায় ছিল। (ত্বাবাকাত: ৬/২৬৫)
চার মাযহাবের ইমামগণের আমল:
১. ইমামে আ‘যম আবু হানীফা (রহ.):
«وَكَانَ أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ يَلْبَسُ الْقَلَانِسَ الطِّوَالَ الْمُشَمَّرَةَ» (আল-ইনতিক্বা, পৃ. ৩২৬; ‘উকূদুল জুমান, পৃ. ৩০০-৩০১) অর্থ: “ইমাম আবু হানীফা (রহ.) মার্জিত উঁচু টুপি পরিধান করতেন।”
২. ইমাম দারিল হিজরাহ মালিক ইবনে আনাস (রহ.):
«كَانَ مَالِكُ بْنُ أَنَسٍ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ يُحَدِّثُ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ، وَلَبِسَ أَحْسَنَ ثِيَابِهِ، وَلَبِسَ قَلَنْسُوَتَهُ، وَمَشَطَ لِحْيَتَهُ، فَقِيلَ لَهُ فِي ذَلِكَ، فَقَالَ: أُحِبُّ أَنْ أُعَظِّمَ حَدِيثَ رَسُولِ اللَّهِ ﷺ» (আল-জামে‘ লি-আখলাক্বির রাবী: ১/৩৮৮) অর্থ: “ইমাম মালিক (রহ.) যখনই হাদীস বর্ণনার জন্য বের হতেন, নামাজের মতো ওযু করতেন, সর্বোত্তম পোশাক ও টুপি পরিধান করতেন এবং দাড়ি আঁচড়ে নিতেন। তাঁকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন: আমি রাসূলুল্লাহ ﷺ-এর হাদীসকে তাজিম করতে ভালোবাসি।”
৩. ইমাম মুহাম্মাদ ইবনে ইদরীস আশ-শাফিঈ (রহ.):
«رُئِيَ الشَّافِعِيُّ وَعَلَيْهِ قَلَنْسُوَةٌ صَغِيرَةٌ حَسَنَةٌ، وَكَانَ يَرَى أَنَّ تَغْطِيَةَ الرَّأْسِ مِنَ الْمُرُوءَةِ وَكَمَالِ الْهَيْئَةِ فِي الصَّلَاةِ وَخَارِجِهَا» (হিলইয়াতুল আওলিয়া: ৯/১১৮) অর্থ: “ইমাম শাফিঈ (রহ.) সুন্দর ছোট টুপি পরিধান করতেন। তিনি নামাজের ভেতরে ও বাইরে মাথা ঢেকে রাখাকে ব্যক্তিত্ব, শালীনতা ও পরিপূর্ণ সুন্নতি রূপ মনে করতেন।”
৪. ইমামুল মুহাদ্দিসীন আহমদ ইবনে হাম্বল (রহ.):
«رَأَيْتُ عَلَى أَبِي عَبْدِ اللَّهِ (الْإِمَامِ أَحْمَدَ) عِمَامَةً فَوْقَ الْقَلَنْسُوَةِ، وَرُبَّمَا لَبِسَ الْقَلَنْسُوَةَ بِغَيْرِ عِمَامَةٍ» (সিয়ারু আ‘লামিন নুবালা: ১১/২২০) অর্থ: “আমি ইমাম আহমদকে টুপির ওপর পাগড়ি পরিহিত দেখেছি, আবার কখনো তিনি পাগড়ি ছাড়াও কেবল টুপি পরিধান করতেন।”
[ চতুর্থ অধ্যায় : ফিকহি বিশ্লেষণ — খালি মাথায় সালাত আদায়ের হুকুম ]
চার মাযহাবের ফিকাহ ও জমহুর উলামায়ে কিরামের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সালাতে মাথা ঢেকে রাখা মুস্তাহাব ও সুন্নাতে আদব।
খালি মাথায় নামাজ পড়ার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.)-এর এক কঠোর তাগিদ প্রণিধানযোগ্য। প্রখ্যাত তাবিঈ নাফে‘ (রহ.) হতে বর্ণিত:
عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا رَأَى مَوْلَاهُ نَافِعًا يُصَلِّي حَاسِرَ الرَّأْسِ، فَقَالَ: «أَتَخْرُجُ إِلَى النَّاسِ حَاسِرَ الرَّأْسِ؟» قَالَ: لَا، قَالَ: «فَاللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ» (আল-মুহাল্লা বিল-আসার: ৩/১২৯; আত-তামহীদ: ৬/৩৭৯) অর্থ: “নাফে‘ (রহ.) থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর (রা.) তাঁর খাদেম নাফে‘কে খালি মাথায় নামাজ পড়তে দেখে বললেন: ‘তুমি কি খালি মাথায় জনসম্মুখে বের হও?’ নাফে‘ বললেন, না। তখন ইবনে উমর (রা.) বললেন: ‘তবে কি আল্লাহ তাআলা অধিক হকদার নন যে তাঁর সামনে বেশি লজ্জা ও আদব রক্ষা করা হবে?’”
ফিকহের আলোকে খালি মাথায় নামাজের তিনটি অবস্থা:
১. অলসতা বা অবহেলাবশত খালি মাথায় নামাজ পড়া: কোনো ওজর ছাড়া কেবল অবহেলা, অলসতা বা উদাসীনতাবশত খালি মাথায় নামাজ আদায় করা ফুক্বাহায়ে কিরামের দৃষ্টিতে মাকরুহে তানযীহি। আল্লামা ইবনে আবিদীন শামী (রহ.) হানাফী মাযহাবের প্রামাণ্য গ্রন্থ ‘রাদ্দুল মুহতার’-এ লিখেছেন:
«وَكُرِهَ كَفُّ ثَوْبِهِ... وَصَلَاتُهُ حَاسِرًا أَيْ كَاشِفًا رَأْسَهُ لِلتَّكَاسُلِ، وَلَا بَأْسَ بِهِ لِلتَّذَلُّلِ» (রাদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার: ২/৫৯) অর্থ: “অলসতাবশত মাথা অনাবৃত রেখে সালাত আদায় করা মাকরুহ। তবে একান্ত বিনয় ও দীনতা প্রকাশের উদ্দেশ্যে হলে কোনো ক্ষতি নেই (যদিও সুন্নাহর পূর্ণ আদব বজায় রাখাই সর্বোত্তম)।”
২. সুন্নাহকে তুচ্ছ মনে করে খালি মাথায় থাকা: যদি কেউ টুপিকে ঘৃণা করে, দ্বীনি প্রতীককে তাচ্ছিল্য করে কিংবা টুপি পরাকে অপ্রয়োজনীয় মনে করে খালি মাথায় নামাজ পড়ে, তবে তা অন্তরের মারাত্মক ব্যাধি এবং চরম নিন্দনীয়।
৩. ওজর বা অপারগতা: তীব্র গরম, অসুস্থতা বা হঠাৎ টুপি না থাকার কারণে খালি মাথায় নামাজ পড়লে কোনো রূপ কারাহাত (মাকরুহ) ছাড়াই নামাজ শুদ্ধ হয়ে যাবে।
[ সমকালীন সংশয় নিরসন : "টুপি কি শুধুই আরব্য ঐতিহ্য?" ]
অনেকে দাবি করেন, আরবের আবহাওয়ার কারণে রাসূলুল্লাহ ﷺ টুপি পরেছিলেন, এতে দ্বীনি কোনো সওয়াব বা সুন্নাহ নেই।
তাহকিকি জবাব: ১. ইসলামি শরিয়তে যে সকল অভ্যাসগত পোশাককে (الْعَادَات) স্বয়ং রাসূলুল্লাহ ﷺ সার্বক্ষণিকভাবে ধারণ করেছেন, সাহাবায়ে কিরাম প্রজন্মের পর প্রজন্ম ধরে যার অনুসরণ করেছেন এবং যা কুফর ও ইসলামের মাঝে পার্থক্যের ‘শিআর’ বা প্রতীক হিসেবে সাব্যস্ত হয়েছে, তাকে নিছক প্রথা বলে ছুড়ে ফেলা সুন্নাহর প্রতি অবহেলার নামান্তর। ২. শায়খুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রহ.) তাঁর ‘ইক্বতিদাউস্ সিরাতিল মুস্তাক্বীম’-এ স্পষ্টভাবে তুলে ধরেছেন যে, পোশাকে মুমিনদের স্বকীয়তা বজায় রাখা ওয়াজিব, যা কাফিরদের সাথে সাদৃশ্য থেকে রক্ষা করে। মুসলিম ইতিহাসে টুপি ও পাগড়ি সর্বদা সেই স্বকীয় পরিচয়ের প্রতিনিধিত্ব করেছে।
[ উপসংহার : শাশ্বত সুন্নাহর চিরন্তন আহ্বান ]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সান্নিধ্য থেকে শুরু করে সাহাবায়ে কিরাম, তাবেঈনে ইযাম এবং চার মাযহাবের মুজতাহিদ ইমামগণের যুগ পরম্পরায় টুপি মুসলিম উম্মাহর দেহে জড়িয়ে আছে এক অবিভাজ্য নূরানী ভূষণ হয়ে।
সুতরাং, যারা সীমিত পড়াশোনার অহমিকায় কিংবা বিভ্রান্তিকর যুক্তির জালে পড়ে বলে বসেন—“হাদীসে টুপির কোনো প্রমাণ নেই”, তাঁদের এই দাবি হাদীস ভাণ্ডার, উম্মাহর অবিচ্ছিন্ন কর্মধারা এবং ঐতিহাসিক দলিলের সাথে চরম অজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। টুপি ফরজ বা ওয়াজিব নয়—তাই টুপি না পরলেই কাউকে ফাসিক বলা যেমন চরম বাড়াবাড়ি, তেমনি স্বয়ং নবীজির আমল ও উম্মাহর শিআরকে অপ্রয়োজনীয় ভাবাও এক বিপজ্জনক অবক্ষয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনের গভীর প্রজ্ঞা দান করুন এবং প্রিয়নবী ﷺ-এর প্রতিটি সুন্নাহকে ভালোবাসা, তাজিম ও দৃঢ়তার সাথে আঁকড়ে ধরার তাওফিক দান করুন। আমিন।
05 Comments
Multiply sea night grass fourth day sea lesser rule open subdue female fill which them Blessed, give fill lesser bearing multiply sea night grass fourth day sea lesser
Emilly Blunt
December 4, 2017 at 3:12 pm
Multiply sea night grass fourth day sea lesser rule open subdue female fill which them Blessed, give fill lesser bearing multiply sea night grass fourth day sea lesser
Emilly Blunt
December 4, 2017 at 3:12 pm